
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাজুনিয়া পাড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ উপজেলার পাথুরিয়া পাড়া গ্রামের মোনতাজের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সংবাদের ভিত্তিতে জানা যায়, গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট-বুড়িরভিটা সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় মো. হাইদুর রহমানের বাড়ির সামনে মাদকদ্রব্য কেনাবেচা চলছে।
পরে ডিবি পুলিশের আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাহিদকে আটক করে। তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৯, তারিখ: ৮ জুলাই ২০২৬।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”