তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।
আগামীকাল ৫ আগস্টকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত পাঁচজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট সকাল উপজেলার রায়হানপুর ইউনিয়নের সতকর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, র্যালি শেষে অংশগ্রহণকারী কয়েকজন অ্যাম্বুলেন্সে করে এলাকা ত্যাগ করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
র্যালির ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—বরগুনা জেলা মৎস্য লীগের সভাপতি মো. জাহাঙ্গীর জোমাদ্দার (৬৮), বরগুনা জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ (৪৬), রাসেল (৩১), ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মো. সবুজ আকন (২০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. সুজন আকন (৩২)।
এদিকে ৫ আগস্টকে সামনে রেখে পাথরঘাটার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন,গত ৩ আগস্ট রায়হানপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি র্যালি অনুষ্ঠিত হয়। ৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে