
কালিগঞ্জ (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী-বাঁশতলা সড়কের মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা (ভ্যান)-এ করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং চালক উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেনকে আটক করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘাতক ট্রাক ও চালক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম নেমে এসেছে।