তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
বরগুনা বিলুপ্তপ্রায় মৎস্য সম্পদ রক্ষায় বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের শাপলাপাতা ও গিটার মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মো. সালমান বিন শওকত।
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ সকাল ৮টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিএফডিসি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৪০ কেজি শাপলাপাতা ও ২৫০ কেজি গিটার মাছ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো ধ্বংসের জন্য মাটিতে পুঁতে ফেলা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মো. সালমান বিন শওকত জানান, বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।