খুলনা নিজস্ব প্রতিনিধি:
খুলনার রূপসায় ইটভাটায় চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর জেলার সদর থানাধীন সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকস নামের প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তের পাশাপাশি র্যাবও আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় যশোরের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে। এসব তথ্য যাচাই করে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।