
মোঃ নাসিরউদ্দিন নিজস্ব সটাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে মোট ৩ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়, যার মধ্যে ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বাকি ২ জন মাদকসেবী রয়েছেন।
আটককৃত অপরাধীরা হলেন:
১. মো. জাহাংগীর আলম (পিতা: খোরশেদ আলম, সাং: মোহনপুর)
২. মো. লিটন শেখ (পিতা: মৃত ইয়াছিন, সাং: ধোপাপাড়া)
৩. মো. সেলিম রেজা রবি (পিতা: সোলেমান খান, সাং: শিবপুর হাট)
অভিযানের পর তাৎক্ষণিকভাবে পরিচালিত মোবাইল কোর্টে অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ১ জনকে ০৪ মাস এবং অপর ২ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুঠিয়া উপজেলা প্রশাসনের এই ধরনের জোরালো অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান চলমান থাকবে।