
নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
চোরাচালানবিরোধী অভিযানে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩৫ হাজার কেজি (৭০০ বস্তা) ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের প্রস্তুতিকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।