মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা প্রদান ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে ‘বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের জন্য জরুরি ত্রাণ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউসের বাস্তবায়নে এবং হংকং গভর্নমেন্ট স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, উপজেলা সমাজ সেবা অফিসার সত্যজিৎ মজুমদার, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরিফিন,২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং ইয়াং ম্রো, জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিম্প্রু মারমা। এ ছাড়া রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি, বান্দরবান পৌরসভার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, বাস্তবায়ন পরিকল্পনা ও সম্ভাব্য উপকারভোগীদের সহায়তা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকল্পটির আওতায় নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলোর সংকট মোকাবিলা ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।