
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র্যাব-৮-এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের দুমকি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদারকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর সিপিসি পটুয়াখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে একটি দল জানতে পারে, সাকুরা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাব।
পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সুমন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।