
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওমালা নগরের হাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ছাগল তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যাকাত শুধু দান নয়, এটি ইসলামের একটি ফরজ বিধান এবং কার্যকর মানবিক ও অর্থনৈতিক ব্যবস্থা। সমাজের বিত্তবানরা সঠিকভাবে যাকাত আদায় করলে অসহায় ও দরিদ্র মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বৈষম্যহীন, মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ছাগল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাজান (৬০) বলেন, “এই বয়সে এসে ছাগলগুলো পেয়ে খুব উপকার হলো। এগুলো লালন-পালন করে কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারব।”
নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটকাজল এলাকার আসমা খাতুন (৩৫) বলেন, “সংসার চালাতে খুব কষ্ট হতো। এই সহায়তা আমাদের জন্য নতুন আয়ের পথ তৈরি করে দিল।”
একই ইউনিয়নের আবদুর রহিম (৬০) বলেন, “আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। এই ছাগলগুলো আমাদের নিজের পায়ে দাঁড়ানোর একটি বড় অবলম্বন হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সাময়িক সহায়তার পরিবর্তে প্রান্তিক পরিবারগুলোকে উৎপাদনশীল সম্পদ প্রদান করে স্বাবলম্বী করার এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এ কর্মসূচির সুফল নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় প্রাণিসম্পদ সেবা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।