
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মালিকবিহীন অবস্থায় জব্দ হওয়া ২৫ বস্তা রাসায়নিক সার সরকার নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী,‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে উপজেলার যে কোনো কৃষক সর্বোচ্চ এক বস্তা করে সার ক্রয় করতে পারবেন।
জানা গেছে,সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা-চাঁদপুর বাজার সংলগ্ন আশাশুনি-সাতক্ষীরা সড়কের সীমান্তবর্তী এলাকা থেকে মালিকানাবিহীন অবস্থায় ২৫ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্রয়ের জন্য নির্ধারিত সারের মধ্যে রয়েছে ১০ বস্তা ইউরিয়া (প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা),২ বস্তা টিএসপি (প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা),১০ বস্তা ডিএপি (প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা) এবং ৩ বস্তা এমওপি (প্রতি বস্তা ১ হাজার টাকা)।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জুলাই থেকে আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব সার বিক্রি শুরু হবে। নির্ধারিত মূল্যে কৃষকরা জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এক বস্তা করে সার সংগ্রহ করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান,কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং জব্দকৃত সার যথাযথভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার নির্ধারিত বিধি অনুসরণ করে সার বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
আশাশুনির চিলেডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গাভীর মৃত্যু,আহত চালক হাসপাতালে
এস.এম. মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় একটি গাভীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর ও স্টেশন ইনচার্জ মো. ইলিয়াছ জানান,সাতক্ষীরার দিক থেকে শ্রীউলা ইউনিয়নের কলীমাখালী গ্রামের মৃত আনসার আলী মোড়লের ছেলে ও গ্রাম্য চিকিৎসক আব্দুল মজিদ মোড়ল মোটরসাইকেলযোগে আশাশুনির দিকে আসছিলেন। চিলেডাঙ্গা মোড়ে পৌঁছালে সড়কের ওপর এলোমেলোভাবে থাকা কয়েকটি গরু রাস্তা পার হওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাভীকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুর্ঘটনায় আহত গাভীটি কিছুক্ষণ পর মারা যায়। তবে সংবাদ লেখা পর্যন্ত গাভীটির মালিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান,সড়কে অবাধে গবাদিপশু চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।##
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধি
তাং ১৯-০৭-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০