
মো: তফছির তালুকদার শাকিল .
ময়মনসিংহ গফরগাঁও নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সৈয়দ আব্দুস সামাদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, জুলাই যোদ্ধা রহমত উল্লাহ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুন নূরের পিতা আবুল বাশার।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে গফরগাঁও উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের তিন শহীদের কবর জিয়ারত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।