
নিজস্ব প্রতিবেদক, শোভন ভট্টাচার্য্য, নীলফামারী
পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর শহর ও উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের মূল সদস্য সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধলাগাছ মতির মোড় এলাকায় শাহরিয়ার ইসলাম ফরহাদের বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, সাব্বির সরাসরি মোটরসাইকেল চুরির সাথে এবং ফরহাদ চোরাই বাইক কেনাবেচা ও নিজের হেফাজতে রাখার সাথে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেল চুরি ও কেনাবেচায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এলাকায় যান চুরি প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।