
বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার তিন আসামী ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের অভিযানে দস্যুতা মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- হাছনদন্ডী এলাকার মো. হাবিব উল্লাহ হাবিব (২১), গাছবাড়িয়া দুর্লভপাড়ার মুসফিক ইসলাম মাহির (২২) ও উল্লাপাড়া এলাকার মোহাম্মদ সোহেল (২০)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পশ্চিম এলাহাবাদের মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. আবু তালেব (৩২), পাক্কা দোকান এলাকার মো. অনিক (২৩), সৈয়দাবাদ এলাকার মো. সোহেল এবং পাক্কা দোকান এলাকার ইরফান উদ্দীন ইমন। পুলিশ জানায়, মোবাইল কোর্টে রিয়াজ উদ্দিন ও আবু তালেবকে ২৫০ টাকা করে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক, সোহেল ও ইরফান উদ্দীন ইমনকে ১০০ টাকা করে অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ। পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং ওসি এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।