
নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-১৬৫, তারিখ-১৬/১০/২০২৬ খ্রিঃ-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬/১০/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ১০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটঘরিয়া থানাধীন আটঘরিয়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দেবোত্তর গ্রামে মোঃ দেলোয়ার হোসেন লালনের বসতবাড়ির সামনে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ দেলোয়ার হোসেন লালনকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা সাদা পলিথিনে রক্ষিত ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মোঃ দেলোয়ার হোসেন লালন (৪০), পিতা- মৃত সাইদুল হক দুলাল, মাতা- মৃত দুলালী খাতুন, সাং- দেবোত্তর (ওয়ার্ড নং-০৮, আটঘরিয়া পৌরসভা), থানা- আটঘরিয়া, জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় যে, সে উদ্ধারকৃত গাঁজা পাবনার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুযায়ী আটঘরিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা
তারিখ: ১৬ অক্টোবর ২০২৬