
নিজস্ব প্রতিনিধিঃ
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাবে এবং সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা—দেশকে যেন প্রত্যাশিত অবস্থানে নিয়ে যাওয়া যায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ ‘৭১ এবং সাম্প্রতিক ‘২৪-এর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, পরিবারের অন্যান্য সদস্য, মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী, যেখানে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
ঈদের এই দিনে প্রধানমন্ত্রীর এমন আহ্বান দেশ গঠনের অঙ্গীকারকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।