
নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ মো. মানজারুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মানজারুল ইসলামের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার চালিতাখালী এলাকায়। তিনি মৃত হাশেম ও মৃত সুফিয়া বেগমের ছেলে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় কচুয়া থানার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মানজারুল ইসলামের হেফাজত থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাটের কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।