
নোয়াখালী নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে মুহূর্তের মধ্যে চারটি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, আগুনে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। আগুনের উৎপত্তিস্থল ও কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।