
নিজস্ব প্রতিনিধিঃ
আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদেরকে পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। এছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসার বাধ্যবাধকতার কথাও তুলে ধরেন।
সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদে প্রয়োজন অনুযায়ী দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে।
এছাড়া যেসব হাসপাতালগুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে পরে আছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।