
গাইবান্ধা থেকে নিজস্ব প্রতিনিধি মোঃ আবু জাফর মন্ডল:
মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নারীদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চাকরিজীবী কল্যাণ সংস্থার আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সরকারি শিশু পরিবার (বালিকা) গাইবান্ধা মহিলা দল ও গাইবান্ধা ফুটবল একাডেমি মহিলা দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাইবান্ধা ফুটবল একাডেমি মহিলা দল জয়লাভ করে।
খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। নারী ফুটবলারদের আক্রমণ-পাল্টা আক্রমণ ও নৈপুণ্যে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও উৎসাহ দিতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী ও চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদী সরকার।
গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকরিজীবী কল্যাণ সংস্থার সদস্য সচিব মো. শফিউল ইসলাম।
এ সময় আয়োজক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ও নারী ফুটবল ম্যাচের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা এবং তরুণ-তরুণীদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়া হয়।